তুমি যা চাও...


 ★মূল আরবি: নিজার কাব্বানি
অনুবাদ: মোঃ ফেরদৌস আলম (রাচেল শিনের ইংরেজি অনুবাদ থেকে)

অন্যসব নারীর মতো তুমি চাও,
সুলাইমান নবীর ভান্ডার।
অন্যসব নারীর মতো...
সুগন্ধির জলাধার। 
এবং হাতির দাঁতের চিরুনি।
ঝাঁকে ঝাঁকে সেবিকা তরুণী। 

তুমি চাও হে আমার প্রিয়া,
তোমার নাম জপি আমি যেন টিয়া।
ভোরে বলি, "আমি তোমাকে ভালোবাসি।"
গোধূলীতে গাই, "আমি তোমাকে ভালোবাসি।"

তোমার পায়ে যখনই শরাব ঢালি
ও রমণী শাহেরজাদী, 
সব নারীর মতো তুমি চাও 
তুমি আমার কাছে চাও আকাশ ভরা তারা,
এবং বেহেশত থেকে মান্নার থালা
আর সুস্বাদু সালওয়া
আরও চাও পুষ্পিত বাদামী জুতা!

তুমি চাও...
সাংহাইয়ের রেশমী কাপড় 
আর ইস্পাহান থেকে-
উৎকৃষ্ট গাধার চামড়া। 

কিন্তু আমি তেমন পয়গম্বরদের কেউ নই
যে তাঁর লাঠি নিক্ষেপ করেন
আর সাগর বিদীর্ণ হয়ে যায়। 
যে তাঁর কঠিন প্রস্তর বিদীর্ণ করেন আলোয়!

তুমি চাও সব নারী যেমন চায়, 
পালকের পাখা
এবং সুরমা 
আর আতর।

তুমি ক্রীতদাস চাও
যে কিনা ভীষণ বোকা 
তোমাকে ঘুমপাড়ানি ছড়া শোনাতে।

তুমি চাও...
একসাথে এবং একই সময়ে, 
হারুন রশিদের প্রাসাদতুল্য দরবার,
আর খসরুর রাজসভার খিলান, 
এবং দাসদাসী আর বন্দীদের সমারোহ
যারা তোমার আঁচলের প্রান্ত বাঁচাবে অহরহ!

ও ক্লিওপেট্রা, 
কিন্তু আমি নই কোনো
সমুদ্রজয়ী সিন্দবাদ,
যে তোমার হাতের মধ্যে প্রাচুর্যের মেলা বসাতে পারে মেটাতে তোমার সাধ। 

মিশরের পিরামিড নেই 
খসরুর রাজপথের খিলান নেই
আমার নেই কোনো আশ্চর্য প্রদীপ 
যা দিয়ে নিশীথ রাতে তোমাকে এনে দেবো রোদ। 

যেমন তোমার ইচ্ছে হয়, তোমাদের সব রমণীর 
এবং আরও কতো,
ও নারী শাহেরজাদী,
আমি দামেস্কের এক দরিদ্র দিনমজুর 
সকালের নাশতার রুটি আমি রক্তে ভেজাই, 
থুতুতে আমার চুল
আমি সিধা হয়ে বাঁচি। 

আর আমি রুটি ও সূফীতে আস্থা রাখি,
এবং অন্যদের মতোই আমি ভালোবাসার স্বপ্ন দেখি,
এবং এক সঙ্গী ছিদ্রে দেয় তালি
আমার পাঞ্জাবির
একটি শিশু আমার কোলে শুয়ে আছে 
বাগানের চড়াইয়ের মতো
পানিতে যেন রোদের ঝিকমিক। 

আমি ভালোবাসার কথা ভাবি অন্য সবার মতো
কারণ ভালোবাসা শূন্য আকাশের মতো 
কারণ প্রেমিক এক সূর্যের মতো আলো বিকীর্ণ করে 
দূর্গ প্রাচীরের আড়ালে স্বপ্নবিলাসীদের প্রতি, 
পরিশ্রমী রুজি উপার্জকের প্রতি, 
হতভাগ্যের প্রতিও 
এবং যারা রেশমী বিছানায় শোয়
আর যারা কান্নার শয্যা পেতে রয়।

তুমি চাও যেমনটা অন্য সব নারী চায়...
তুমি চাও পৃথিবীর অষ্টমাশ্চর্য,
কিন্তু আমার কিছুই নেই, 
আমার আত্মাভিমান ছাড়া।


★অনুবাদক: সাবেক শিক্ষার্থী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শকুন ও সংস্কৃতির দ্বন্দ্ববিচার

কাহকাসান

ঋতুরাজ